আগরতলা, ২৪ সেপ্টেম্বর : শারদ উৎসবকে আরও উৎসবমুখর করে তুলতে এ বছরও ‘শারদ সম্মান ২০২৬’ প্রদান করবে আগরতলা পুর নিগম। গোটা শহরের পুজোগুলির মধ্যে পাঁচটি পৃথক ক্ষেত্রে সেরার সেরা পাঁচটি পুজোকে সম্মানিত করা হবে। পাশাপাশি পুর নিগমের চারটি জোনাল এলাকার প্রতিটি থেকে চারটি করে মোট ১৬টি পুজো উদ্যোক্তাকেও দেওয়া হবে শারদ সম্মান। নভেম্বরের প্রথম সপ্তাহে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
শারদ সম্মান প্রদান নিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমে কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনারসহ সমস্ত ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বৈঠকে শারদ সম্মান ২০২৬-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেয়র জানান, অন্যান্য বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও গোটা আগরতলা শহরকে নিয়ে পাঁচটি বিভাগে সেরার সেরা শারদ সম্মান প্রদান করা হবে। বিভাগগুলি হল—মণ্ডপসজ্জা, প্রতিমা, থিম নির্বাচন, আলোকসজ্জা এবং মহিলা পরিচালিত নির্বাচিত একটি পূজা। প্রতিটি বিভাগের সেরা পুজো উদ্যোক্তাকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
শুধু শহরের সার্বিক পর্যায়ের পুরস্কার নয়, পুর নিগমের জোনাল স্তরেও পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশেষ সম্মানের ব্যবস্থা রাখা হয়েছে। আগরতলা পুর নিগমের চারটি জোনাল এলাকার প্রতিটি থেকে চারটি করে মোট ১৬টি পুজো উদ্যোক্তাকে শারদ সম্মান প্রদান করা হবে। প্রতিটি পুরস্কারপ্রাপককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি থাকবে সুদৃশ্য ট্রফি।
মেয়র জানান, সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। তবে এবার নভেম্বর মাসের শেষ সপ্তাহে আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই কারণে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যাতে অনুষ্ঠানটি সংঘাতপূর্ণ না হয়, তা বিবেচনা করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শারদ সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের অনুষ্ঠানের আরও একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার। একই অনুষ্ঠানে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী সংগঠন ও ক্লাবগুলিকে এই পুরস্কার প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কারে নির্বাচিত প্রথম তিনটি সংগঠন বা ক্লাবকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও আরও ১০টি ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদ সম্মানের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের সৃজনশীলতা, নান্দনিকতা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখার ক্ষেত্রেও উৎসাহ দেওয়া হবে। একই অনুষ্ঠানে শারদ সম্মান ও স্বচ্ছতা পুরস্কার প্রদান হওয়ায় পুজো পরবর্তী সময়েও আগরতলা শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা আরও জোরালো হবে।

