আগরতলা, ৩ আগস্ট : আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী নিবাসে সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে দলটি।
সোমবার এই দাবিকে সামনে রেখে এসইউসিআই-এর একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এজিএমসি-র ছাত্রী নিবাসে ঘটে যাওয়া ঘটনায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
শুধু এজিএমসি নয়, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও জানায় এসইউসিআই। দলটির মতে, ছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ছাত্রীনিবাসে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, আধুনিক সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রশাসনিক তদারকি চালু করা জরুরি।
এসইউসিআই-এর প্রতিনিধিরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। সাম্প্রতিক ঘটনায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুত এই দাবিগুলি বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাঁরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

