ধর্মনগর, ৩ আগস্ট : ধর্মনগর থানার পুলিশের দ্রুত ও তৎপর অভিযানে চুরি যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কামেশ্বর এলাকার বাসিন্দা বিশ্বজিত পালের টিআর০৫জি৫৬৫৯ নম্বরের মোটরসাইকেলটি রবিবার ধর্মনগরের মনতলা ধর্মপুর এলাকা থেকে চুরি হয়ে যায়। মোটরসাইকেলটি চুরি হওয়ার পর সন্ধ্যায় তিনি ধর্মনগর থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা-র নেতৃত্বে একটি পুলিশ দল তদন্তে নামে। বিভিন্ন সূত্র যাচাই ও অনুসন্ধান চালিয়ে পুলিশ জেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত সন্দেহে জনৈক ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম নিতু দাস (৩৫)। তিনি ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার কাচরঘাট এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই চুরির ঘটনায় অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
পুলিশের এই দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি ধর্মনগর থানার তৎপরতারও প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

