iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সাত দিনের মধ্যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন হস্তান্তরের দাবি, শুভম সলিটেয়ারের মালিকদের হুঁশিয়ারি

আগরতলা, ২৮ নভেম্বর  : আবাসনের ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রেশন নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠল রাজধানীর কাশীপুর সংলগ্ন শুভম সলিটেয়ার আবাসন প্রকল্পে। রেজিস্ট্রেশন প্রদান, প্রতিশ্রুত অর্থ ফেরত এবং মেন্টেনেন্স খরচের হিসাব প্রকাশসহ একাধিক দাবিতে শনিবার ঐক্যবদ্ধ হয়ে সরব হলেন আবাসনের ফ্ল্যাট মালিকরা। আগামী সাত দিনের মধ্যে সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

রাজধানী আগরতলায় একের পর এক বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠলেও ফ্ল্যাট কেনার পর বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের। কাশীপুরের শুভম সলিটেয়ার আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের অভিযোগ, সমস্ত অর্থ পরিশোধ করার পর ফ্ল্যাটের চাবি হাতে পেলেও এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আবাসন কর্তৃপক্ষের প্রতিশ্রুতি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক দেখা দেওয়ায় ক্ষোভ বাড়ছে মালিকদের মধ্যে।

জানা গেছে, শুভম সলিটেয়ার আবাসনে প্রায় ৩৫০টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট কেনার সময় ক্রেতাদের জানানো হয়েছিল, অকুপেশন সার্টিফিকেট বা বসবাসের অনুমতিপত্র পাওয়ার পর যথাযথভাবে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন তাঁদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু মালিকদের অভিযোগ, অকুপেশন সার্টিফিকেট পাওয়ার পরও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে আবাসন কর্তৃপক্ষ নানা অজুহাতে দীর্ঘসূত্রতা করছে। ফলে নিজেদের ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় নথি হাতে না পাওয়ায় তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শুধু রেজিস্ট্রেশন নয়, আর্থিক প্রতিশ্রুতি নিয়েও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফ্ল্যাট মালিকরা। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রদান করতে ব্যর্থ হলে ফ্ল্যাটের মূল ক্রয়মূল্যের দুই শতাংশ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুত অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে বলে অভিযোগ। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ফ্ল্যাট ক্রেতারা।

ফ্ল্যাট মালিকদের আরও অভিযোগ, আবাসনের মেন্টেনেন্স খরচ বাবদ তাঁদের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়েছে। অথচ ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও সেই অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় করা হচ্ছে, তার বিস্তারিত হিসাব মালিকদের সামনে তুলে ধরা হয়নি। আবাসনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সংগৃহীত অর্থের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার সমস্ত ফ্ল্যাট মালিক একত্রিত হয়ে আবাসন প্রকল্পের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিগুলি তুলে ধরেন। অবিলম্বে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হস্তান্তর, প্রতিশ্রুত দুই শতাংশ অর্থ ফেরত, মেন্টেনেন্স বাবদ সংগৃহীত অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রদানসহ অন্যান্য সমস্যার সমাধানের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেন তাঁরা।

এক ফ্ল্যাট মালিক জানান, রেজিস্ট্রেশন প্রদানে বিলম্ব এবং প্রতিশ্রুত অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অধিকাংশ ফ্ল্যাট মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ফলে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি মালিকানা সংক্রান্ত নথি ও প্রতিশ্রুত অর্থ নিয়ে অনিশ্চয়তা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।

এদিন আবাসনের ফ্ল্যাট মালিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবির পক্ষে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, আগামী সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ সমস্যাগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবেন।

ফ্ল্যাট মালিকদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভম সলিটেয়ার আবাসন প্রকল্পের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের ভূমিকা কী হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *