iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে দেশজুড়ে পুণ্যস্নান, হরিদ্বার থেকে পুরী—ভক্তদের ঢল

নয়াদিল্লি, ২৪ নভেম্বর : পবিত্র কার্তিক পূর্ণিমা এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জির ৫৫৭-তম জন্মবার্ষিকী (প্রকাশ পর্ব) উপলক্ষ্যে মঙ্গলবার ভোর থেকেই দেশজুড়ে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে উত্তর প্রদেশের অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, হাপুড় থেকে শুরু করে উত্তরাখণ্ডের হরিদ্বার, হরিয়ানার যমুনানগর, পঞ্জাবের অমৃতসর এবং ওড়িশার পুরী—সর্বত্রই পুণ্যস্নান করেন ভক্তরা।

অযোধ্যা (উত্তর প্রদেশ):

কার্তিক পূর্ণিমার পুণ্য তিথিতে অযোধ্যার পবিত্র সরযূ নদীতে ডুব দিয়ে পুণ্যস্নান করেন অগণিত ভক্ত। ভক্তদের বিপুল ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যার এসএসপি ডঃ গৌরব গ্রোভার জানিয়েছেন, ভোররাত থেকেই বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যা ধামে এসে সরযূ নদীতে স্নান করছেন। এই ভিড়ের কথা মাথায় রেখে সুনির্দিষ্ট পার্কিং এবং ট্রাফিক ডাইভারশন-সহ ব্যাপক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে। নদীর ঘাটগুলিতে এসডিআরএফ, জল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নজরদারি চালাচ্ছে। সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ স্নান সেরেছেন এবং সন্ধ্যা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে আশা করা হচ্ছে; পরিস্থিতি সামাল দিতে দুটি শিফটে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে।বারাণসী, প্রয়াগরাজ ও হাপুড় (উত্তর প্রদেশ):

কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাস্নানের জন্য ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে প্রয়াগরাজের সঙ্গম ও গঙ্গা ঘাটেও, যেখানে পুণ্যার্থীরা পবিত্র গঙ্গায় ডুব দিয়ে পূজার্চনা করেছেন। এছাড়া উত্তরপ্রদেশের হাপুড়ের ব্রজঘাটেও কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে পুণ্যস্নানে শামিল হয়েছেন অসংখ্য মানুষ।

হরিদ্বার (উত্তরাখণ্ড):

ধর্মীয় নগরী হরিদ্বারের ‘হর কি পৌরি’-তে কার্তিক পূর্ণিমার পুণ্যস্নান সারতে ভোর থেকেই গঙ্গার ঘাটে জড়ো হন অগণিত ভক্ত। হর হর গঙ্গে ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।

অমৃতসর (পাঞ্জাব):

গুরু নানক দেব জির ৫৫৭-তম জন্মবার্ষিকী (গুরুপরব) উপলক্ষ্যে অমৃতসরের স্বর্ণমন্দিরে ভক্তদের ঢল নেমেছে। পবিত্র সরোবরে স্নান সেরে গুরুদ্বারে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন শিখ ধর্মাবলম্বী-সহ অসংখ্য পুণ্যার্থী।

যমুনানগর (হরিয়ানা):

কার্তিক পূর্ণিমা এবং গুরু নানক দেব জির জয়ন্তী উপলক্ষ্যে হরিয়ানার যমুনানগরে আয়োজিত ঐতিহ্যবাহী ‘কপাল মোচন মেলা’-য় পুণ্যার্থীদের ভিড় জমেছে। পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত কপাল মোচন সরোবরে পবিত্র স্নান সারছেন।

পুরী (ওড়িশা):

কার্তিক পূর্ণিমার পবিত্র তিথিতে ওড়িশার পুরীতে শ্রীজগন্নাথ মন্দিরের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। এদিন মহাপ্রভু জগন্নাথের অপূর্ব ‘স্বর্ণবেশ’ দর্শন করে আপ্লুত ভক্তরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *