iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আরামবাগে দ্বিতীয় সেতু নির্মাণে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ, প্রস্তাবিত এলাকা পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ

হুগলি, ২১ নভেম্বর : আরামবাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দীর্ঘদিনের প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের পথে আরও একধাপ অগ্রগতি। প্রস্তাবিত এই সেতু নির্মাণের জন্য ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের খবর সামনে আসতেই শুক্রবার নির্মাণস্থল পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
জানা গিয়েছে, আরামবাগের পুরনো রামকৃষ্ণ সেতুর পাশেই রেলব্রিজের দিকে তৈরি হবে নতুন সেতুটি। এদিন বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার নিখিলেশ দে, বিজেপির শহর মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি-সহ অন্যান্যরা। প্রস্তাবিত সেতুর স্থান ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আরামবাগ শহরের যানজট সমস্যা কমানো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য দ্বিতীয় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। প্রথমে রাজ্য সরকারের অর্থায়নে এই সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও প্রকল্পের বিপুল ব্যয়ের কারণে পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি সামাজিক মাধ্যমে এই প্রকল্পের জন্য ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের কথা জানান। এরপরই নতুন করে আশার আলো দেখছেন আরামবাগবাসী।
দ্বিতীয় সেতু নির্মিত হলে আরামবাগ শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া আরামবাগজুড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *