হাওড়া,২১ নভেম্বর : হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা— হাওড়া জেলা হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে শুক্রবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। হাসপাতালের সুপারের বিশেষ অনুরোধে এ দিন তিনি হাসপাতাল চত্বরে নির্মীয়মাণ নতুন ভবন পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন পরিষেবা, পরিকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনের পর উমেশ রাই এ দিন সমাজ মাধ্যমে জানান, “আজ হাওড়া হাসপাতালের সুপারের বিশেষ অনুরোধে নির্মীয়মাণ নতুন হাসপাতাল ভবন সহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আগামী দিনে হাসপাতালের পরিষেবা ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত, সুশৃঙ্খল ও সুসংহত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে|”

