iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দিল্লির শাহদারায় দোতলা বাড়ি ভেঙে বিপত্তি! শিশু-সহ মৃত ২, আহত ৪

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : রাজধানী দিল্লির শাহদারা জেলার বিবেক বিহার এলাকার জ্বালা নগরে মঙ্গলবার সকালে একটি পুরনো দোতলা বাড়ি ভেঙে পড়ে এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক পুরুষ-সহ দু’জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ভবনটি ভেঙে পড়ার ফলে ধ্বংসস্তূপের নিচে ছয়জন আটকে পড়েছিলেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও দিল্লি পুলিশের উদ্ধারকারী দল এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি বিধায়ক সঞ্জয় গোয়েল দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, “সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ছয়জন আহত হয়েছিলেন, যাঁদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনের মৃত্যু হয়েছে— একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং গোটা এলাকার মানুষ এই ঘটনায় গভীরভাবে শোকাহত।”
ভবনটির জীর্ণ অবস্থার কথা উল্লেখ করে বিধায়ক আরও বলেন, “এটি একটি পুরনো ভবন ছিল, যাতে একতলা ও দোতলা ছিল। বাড়িটিতে কোনো কংক্রিটের ছাদ বা লিন্টেল ছিল না; এর ছাদ পাথর এবং গার্ডার দিয়ে তৈরি ছিল। প্রথমে এখানকার মানুষ ভেবেছিলেন যে বাড়ির ভেতরে কোনো মালপত্র পড়ে গিয়েছে। যেহেতু বাইরে থেকে ভেতরের অংশ দেখা যাচ্ছিল না, তাই যখন লোকজন ভেতরে গিয়ে খোঁজ নেন, তখন বুঝতে পারেন যে বাড়িটি ভেতরের দিকে ভেঙে পড়েছে। এরপর মানুষজন চিৎকার শুরু করলে বাকিরা ছুটে আসেন। সময়মতো পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের গাড়িও দ্রুত চলে আসে।”
উল্লেখ্য, এদিনের এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত চারজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে। কী কারণে এই পুরনো বাড়িটি হঠাৎ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *