কলকাতা, ১৮ নভেম্বর : রাহুল গান্ধীর ভারতীয় অর্থনীতি নিয়ে মন্তব্যের জবাব দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারব্যবস্থা নিয়ে বক্তব্য এবং ধর্মান্তর নিয়েও মন্তব্য করেন তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাহুল গান্ধী ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন। সেই বুধবার প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “অন্ধ মানুষ দিনের বেলাতেও অন্ধকার দেখে।” তাঁর দাবি, ভারতের জিডিপি আজ বিশ্বের কাছে উদাহরণ। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও রেকর্ড উচ্চতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ নিরাপদ রয়েছে এবং গত ১২ বছর ধরে মানুষ ভালো আছেন বলেও মন্তব্য করেন তিনি। দিলীপের কটাক্ষ, দেশে কেউ তাঁর কথা শোনেন না বলেই রাহুল বিদেশে গিয়ে এসব কথা বলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ক্ষমতা হারালে ওরা কখনও ইভিএম, কখনও নির্বাচন কমিশনকে দোষ দেয়। এখন আদালতকে নিশানা করছে।” তাঁর মতে, দেশের সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করা মানে দেশের ঐক্য ও অখণ্ডতাকে আঘাত করা।
ধর্মান্তর নিয়েও এদিন মন্ত্রী কড়া মন্তব্য করেন। দিলীপ ঘোষের দাবি, শুধু স্কুলে নয়,বিভিন্ন জনবসতি ও ঘিঞ্জি এলাকাতেও ধর্মান্তরের ঘটনা ঘটছে। তাঁর বক্তব্য, এই কাজকে দেশবিরোধী কার্যকলাপ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা উচিত। ধর্মান্তর বন্ধ করতে প্রয়োজনে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

