iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মুখোশের আড়ালে হামলা, রক্তাক্ত চার সিপিআইএম নেতা, উত্তপ্ত কৃষ্ণনগর, ভিআইপি রোড অবরোধ

আগরতলা, ১৩ নভেম্বর: মুখোশের আড়ালে বাইক বাহিনীর তাণ্ডব! প্রকাশ্য দিবালোকে লাঠি ও রড নিয়ে সিপিআইএম কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল রাজধানীর কৃষ্ণনগর এলাকা। এই হামলায় সিপিআইএম-এর চারজন কর্মী ও নেতৃত্ব আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী-সমর্থকরা। তাঁরা কর্নেল চৌমুহনী এলাকায় ভিআইপি রোড অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখান। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে কৃষ্ণনগর ও সংলগ্ন এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বৃহস্পতিবারই আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছিল সিপিআইএম-এর সদর মহকুমা কমিটি। নির্বাচনী প্রচারে বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক হিংসা ও দুর্বৃত্তায়ন বন্ধে পুলিশের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই ডেপুটেশন দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র কৃষ্ণনগরে হামলার অভিযোগ সামনে আসায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আগরতলা পুর নিগমের ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় সিপিআইএম-এর কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে দলীয় প্রচারসজ্জার কাজ করেন। কৃষ্ণনগর অ্যাডভাইজার চৌমুহনী, কর্নেল চৌমুহনী, লেক চৌমুহনী হয়ে মেহের কালীবাড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচারসজ্জা সম্পন্ন করে তাঁরা বাড়ির পথে ফিরছিলেন। অভিযোগ, ফেরার পথে সুপারি বাগান এলাকায় তাঁদের পথ আটকে অতর্কিত হামলা চালায় একদল মুখোশধারী বাইক আরোহী।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাঁদের হাতে ছিল লাঠি ও রডের মতো আঘাত করার অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা সিপিআইএম কর্মী-সমর্থকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি মারধরে রক্তাক্ত হয়ে পড়েন কৃষ্ণনগর এলাকার স্মৃতিময় রায়, সঞ্জয় দেববর্মা, লোহিত গাঙ্গুলী-সহ মোট চারজন বাম নেতৃত্ব। তাঁদের মধ্যে লোহিত গাঙ্গুলী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন বাম নেতৃত্ব। আচমকা এই হামলায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

প্রকাশ্য দিবালোকে রাজধানীর ব্যস্ততম এলাকার মধ্যে এ ধরনের হামলার ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করলে পরিস্থিতি বেগতিক বুঝে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। মুখোশের আড়ালে কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএম কর্মী-সমর্থকরা। কর্নেল চৌমুহনী এলাকায় ভিআইপি রোড অবরোধ করে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করার পাশাপাশি তাঁদের উপর শারীরিক আক্রমণ চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রচার প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কর্মীদের রক্তাক্ত হতে হয়, তাহলে নির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।

অবরোধস্থলে উপস্থিত এক বাম নেতৃত্ব জানান, এই হামলায় তাঁদের দলের চারজন নেতৃত্ব গুরুতরভাবে আহত হয়েছেন। বিশেষ করে লোহিত গাঙ্গুলীর উপর সবচেয়ে বেশি আক্রমণ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ এবং নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার ঘটনাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে। তিনি এই ঘটনাকে বিজেপি শাসিত রাজ্যের আসল চেহারা বলেও কটাক্ষ করেন।

এদিকে হামলার ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হলেও অবরোধ চলাকালীন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, হামলার ঘটনার পরপরই নয়, বরং ভিআইপি রোড অবরোধের খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা বাদে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম থানার ওসি এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তাঁদের ঘটনাস্থলে পৌঁছানোকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভও দেখা যায়।

পরে সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান, স্থানীয় বাম নেতৃত্বের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানানো হয়েছে, তবুও এই ঘটনা আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের আগে রাজধানীর বুকে মুখোশধারী বাইক বাহিনীর হামলার অভিযোগ, চারজনের রক্তাক্ত হওয়া এবং প্রতিবাদে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ—সব মিলিয়ে কৃষ্ণনগরের পরিস্থিতি শুক্রবার যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।

গণতন্ত্রের উৎসব বলে পরিচিত নির্বাচন যদি প্রচারের ময়দানেই আতঙ্কের ছায়ায় ঢেকে যায়, তাহলে সাধারণ ভোটারের নিরাপত্তা ও অবাধে মতপ্রকাশের অধিকার কতটা সুরক্ষিত থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন এই পরিস্থিতিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *