iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দূষণ নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

কলকাতা, ১২ নভেম্বর : দূষণ নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল| বুধবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে রাজ্যের অগ্নিমিত্রা পাল লেখেন, “দূষণ নতুন কোনো সমস্যা নয়। বছরের পর বছর ধরে উৎসব, যানবাহন ও অন্যান্য কারণে দূষণের মাত্রা বাড়ে। কিন্তু উৎসবের আনন্দের সঙ্গে পরিবেশ, বয়স্ক মানুষ, শিশু, অসুস্থ মানুষ এবং পশুপাখির প্রতি আমাদের সংবেদনশীলতাও বজায় রাখা জরুরি।
সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে শব্দবাজি ও আতশবাজি ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি করছে এবং বিভিন্ন এলাকায় ব্যবস্থা নিচ্ছে। তবে প্রত্যেকটি বাড়ি বা বিল্ডিংয়ের সামনে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। তাই প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের দায়িত্ব বুঝে সচেতন ও সংবেদনশীল হতে হবে।
বিশেষ করে কুকুর-বিড়ালসহ প্রাণীরা উচ্চ শব্দে অনেক বেশি কষ্ট পায়। পাশাপাশি বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি ও ছোট শিশুদেরও অতিরিক্ত শব্দ ও দূষণের প্রভাব পড়ে। আমাদের কয়েক মিনিটের আনন্দ যেন অন্য কারও জন্য অসহনীয় পরিস্থিতির কারণ না হয়—এই সচেতনতা আমাদের সকলের মধ্যে তৈরি হওয়া প্রয়োজন।
নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও দূষণ নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মিস্ট ক্যাননের মাধ্যমে বাতাসে থাকা ধূলিকণাকে কমানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে উৎসব ও বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ সময়ে। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে আরও বেশি করে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্কুলস্তর থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি প্রস্তাব নিয়েও কাজ করা হচ্ছে—শিক্ষার্থীদের জন্মদিনে অন্তত দুটি করে গাছ লাগানো এবং সেই গাছের দায়িত্ব নিজেদের সন্তানের মতো নেওয়ার অভ্যাস তৈরি করা। আগামী ৫–১০ বছরে এই ধরনের উদ্যোগ আমাদের শহর ও রাজ্যের সবুজায়নে বড় ভূমিকা রাখতে পারে।
সরকার একা দূষণ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে আমাদের পরিবেশকে আরও বাসযোগ্য করে তুলতে। উৎসবের আলো জ্বলুক, কিন্তু সেই আলো যেন প্রকৃতি ও মানুষের জীবনে অন্ধকার না ডেকে আনে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *