iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বাগডোগরায় রাজনাথ, বায়ুসেনা জওয়ানদের সঙ্গে মতবিনিময় প্রতিরক্ষা মন্ত্রীর

বাগডোগরা, ৭ নভেম্বর : দীপাবলির প্রাক্কালে সশস্ত্র বাহিনীর জওয়ানদের মনোবল বাড়াতে ও উৎসবের শুভেচ্ছা জানাতে বাগডোগরা পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মন্ত্রী শঙ্কর ঘোষ এবং নবনিযুক্ত ভারতীয় বায়ুসেনা প্রধান (চিফ অব দ্য এয়ার স্টাফ) এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। বাগডোগরা এয়ারফিল্ডে ভারতীয় বায়ুসেনার এয়ার ওয়ারিয়র্সদের সঙ্গে বিশেষ আলাপচারিতার আগে এক্স প্রতিরক্ষামন্ত্রী লেখেন, “আজ দীপাবলির প্রাক্কালে আমি দার্জিলিং জেলায় অবস্থান করব। বাগডোগরা এয়ারফিল্ড ও শিলিগুড়ির সুকনায় আমাদের সাহসী সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে সরাসরি মিলিত হব।”
বাগডোগরায় বায়ুসেনা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিবীরদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপের কথা জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “অগ্নিবীরদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম দফার পর অবশিষ্ট ৭৫ শতাংশ অগ্নিবীরদের তাঁদের ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে অতিরিক্ত আরও দুই বছরের ‘সেকেন্ড ট্যুর অব ডিউটি’-র সুযোগ দেওয়া হবে। এর ফলে তাঁরা দেশকে সেবা করার আরও একটি মূল্যবান সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে পারলে তাঁদের স্থায়ী বা নিয়মিত সেনা হিসেবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার দরজাও উন্মুক্ত থাকবে। আমি মনে করি, আলোর উৎসবের মুখে এটি আমাদের অগ্নিবীরদের জন্য এক বিরাট দীপাবলি উপহার।”
অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিতকে উষ্ণ অভিনন্দন জানান রাজনাথ সিং। আধ্যাত্মিক উপমায় নতুন বায়ুসেনা প্রধানের ব্যক্তিত্ব তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারতীয় বায়ুসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিতকে আন্তরিক অভিনন্দন জানাই। ‘আশুতোষ’ হলো মহাদেব ভগবান শিবের আরেক নাম। দেবাদিদেব শিবের স্বভাব যেমন অত্যন্ত শান্ত, সরল ও সৌম্য, তেমনই প্রয়োজনের সময় তিনি রুদ্র ও বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন। শত্রুপক্ষের সার্বিক মঙ্গলের জন্যই ভালো হবে যদি তাদের কখনও এয়ার চিফ মার্শাল দীক্ষিতের সেই রুদ্র রূপের মুখোমুখি হতে না হয়।”
বাগডোগরা এয়ারফিল্ডে বায়ুসেনার আধিকারিক ও জওয়ানদের দেশরক্ষার অদম্য সাহসিকতার প্রশংসা করে তিনি এরপর শিলিগুড়ির সুকনা মিলিটারি স্টেশনের উদ্দেশে রওনা দেন, যেখানে তিনি ভারতীয় সেনার ত্রিশক্তি কোরের জওয়ানদের সঙ্গে দীপাবলি মিলন অনুষ্ঠানে অংশ নেবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *