iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উৎসবের মরশুমে আনন্দ বিহার টার্মিনালে যাত্রীদের বাঁধভাঙা ভিড়

নয়াদিল্লি, ৭ নভেম্বর : দীপাবলি ও আসন্ন ছটপুজোর মুখে উৎসব উদযাপনে বাড়ি ফিরতে পূর্ব দিল্লির আনন্দ বিহার রেলওয়ে টার্মিনালে দেখা গেল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডগামী দূরপাল্লার ট্রেনগুলিতে ওঠার জন্য শনিবার সকাল থেকেই স্টেশনে তিল ধারণের জায়গা নেই। প্ল্যাটফর্ম থেকে শুরু করে কনকোর্স এলাকা—সর্বত্রই যাত্রীদের উপচে পড়া ভিড়ে একপ্রকার পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়।
উৎসবের মরশুমে প্রতি বছরই বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষ জাতীয় রাজধানী ছেড়ে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন। নিয়মিত ট্রেনের পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি পুজো স্পেশাল ট্রেন চালানো সত্ত্বেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। টিকিট কাউন্টার, ওয়েটিং হল এবং প্ল্যাটফর্মের প্রতিটি কোণায় যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। ট্রেনের সাধারণ কামরাগুলিতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
ভিড় সামাল দিতে এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনন্দ বিহার স্টেশনে আরপিএফ এবং দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচলের জন্য বিশেষ নজরদারি এবং ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে বলে রেলওয়ে সূত্রের খবর। তবুও দীর্ঘ অপেক্ষার পর ট্রেনে জায়গা না পেয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বহু পরিবার, শিশু ও প্রবীণ নাগরিকদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *