iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ওয়ারিং বাড়ির গুলিকাণ্ডে কড়া বার্তা প্রতিমার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : ওয়ারিং বাড়িতে মথা প্রার্থীকে গুলি করে গুরুতর জখম করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন তিপ্রা মথার আহত প্রার্থী খচীন্দ্র রিয়াংকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

সোমবার ভিলেজ কমিটি নির্বাচনের শেষ লগ্নে উদয়পুরের মহারানির ওয়ারিং বাড়ি এলাকায় গুলি চালনার ঘটনায় গুরুতর আহত হন তিপ্রা মথা প্রার্থী খচীন্দ্র রিয়াং। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুষ্কৃতীদের গুলিতে তিনি গুরুতর জখম হন। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জিবিপি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। রাতেই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করে খচীন্দ্র রিয়াংয়ের শরীর থেকে গুলি বের করে দেয়। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন।

মঙ্গলবার সকালে আহত তিপ্রা মথা প্রার্থীকে দেখতে জিবিপি হাসপাতালে যান প্রতিমা ভৌমিক। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে খচীন্দ্র রিয়াংয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আহত প্রার্থীর পরিবার-পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ারিবাড়ির গুলিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

প্রতিমা ভৌমিক বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচনের পরিবেশকে অশান্ত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গুলিচালনার ঘটনায় যারা জড়িত, তাঁদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানান তিনি। একইসঙ্গে আহত খচীন্দ্র রিয়াংয়ের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য, রাজ্যের পরিবেশ অশান্ত করে তোলাই দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিল। নির্বাচনী প্রক্রিয়ার শেষ মুহূর্তে এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে বিভিন্ন মহল।

এদিকে ওয়ারিং বাড়ির গুলিকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। নির্বাচনী পরিবেশে এই ধরনের হিংসার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

অন্যদিকে, গোমতী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গুলি চালনার ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল এবং ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি। ফলে অভিযুক্তদের গ্রেফতার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *