আগরতলা, ২৭ সেপ্টেম্বর : যাত্রীবাহী অটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন স্কুটি চালক। শনিবার রাজধানী আগরতলায় ইন্দ্রনগর ১০ নম্বর রোড এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এদিন ইন্দ্রনগর ১০ নম্বর রোড এলাকায় একটি যাত্রীবাহী অটো এবং একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন বলে জানা যায়।
এদিকে, পুলিশের ১১২ কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল বিভাগের কর্মীরা। তাঁরা সংজ্ঞাহীন ও গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। আহতের পা-সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আহত স্কুটি চালকের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। তবে তিনি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর অটোর চালক ঘটনাস্থলে না থেকে অটোটি নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় যাত্রীবাহী অটোটি দ্রুত গতিতে চলছিল। তাঁদের আরও দাবি, অটোটি স্থানীয় এলাকার নয়। ফলে দুর্ঘটনার পর অটোটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিবিপি ফাঁড়ির পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি পালিয়ে যাওয়া অটোটি শনাক্ত করার চেষ্টা শুরু করেছে। একইসঙ্গে আহত স্কুটি চালকের পরিচয় জানারও চেষ্টা চলছে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ইন্দ্রনগর ১০ নম্বর রোড এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

