iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, বিজেপি-কে নিশানা সুদীপ বর্মনের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : বামুটিয়ার কালীবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের গাড়িকে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি-র বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর অভিযোগ, পায়ের তলার মাটি হারিয়ে বিরোধীদের উপর আক্রমণের পথ বেছে নিয়েছে বিজেপি। যদিও ঘটনার বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও বক্তব্য এদিন জানা যায়নি।

রবিবার বামুটিয়ার কালীবাজারে সিপিআইএম পার্টি অফিসে ডিওয়াইএফআই-এর বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। অভিযোগ, তিনি সভাস্থলের দিকে যাওয়ার সময় কালীবাজার এলাকায় তাঁর গাড়ির সামনে বিজেপি কর্মী-সমর্থকরা অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা ‘মানিক সরকার হায় হায়’ এবং ‘মানিক সরকার গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, রাজনৈতিকভাবে সিপিআইএম-এর সঙ্গে কংগ্রেসের আদর্শগত মতপার্থক্য রয়েছে এবং তা থাকতেই পারে। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

সুদীপ রায় বর্মনের অভিযোগ, রাজ্যে বর্তমানে ‘জঙ্গলের রাজত্ব’ কায়েম হয়েছে। তাঁর দাবি, বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে বলেই বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের উপর এ ধরনের আক্রমণের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

কংগ্রেস বিধায়ক আরও বলেন, হামলা কিংবা বাধা সৃষ্টি করে বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচি বন্ধ করা সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা প্রকাশের জন্য গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, এদিন বাধারঘাট ব্লক কংগ্রেসের উদ্যোগে পৃথক একটি ব্লক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এটি মূলত একটি রুটিন সাংগঠনিক সভা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের ব্লক কমিটির বৈঠক ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন পুর নির্বাচন নিয়েও আলোচনা উঠতে পারে বলে জানান তাঁরা। তবে এদিনের সভার মূল উদ্দেশ্য ছিল সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও দলীয় স্তরে প্রস্তুতি জোরদার করা।

মানিক সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ায় ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *