আগরতলা, ২৪ আগস্ট : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) প্রশাসনে কথিত বেআইনি নিয়োগ বাতিল, অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা সহ সাত দফা দাবিতে রাজধানী আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করল বামপন্থী জনজাতি গণসংগঠনগুলি। সোমবার গণমুক্তি পরিষদ (জিএমপি), ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন (টিওয়াইএফ) এবং ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নের (টিএসইউ) যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এদিন রাজধানীতে সংগঠনগুলির নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্যে টিটিএএডিসি প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে।
বিরোধী দলনেতার অভিযোগ, কোনও ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ইন্টারভিউ ছাড়াই তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি প্রশাসনে সম্প্রতি প্রায় ২৫০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দাবি, নিয়ম-নীতি অনুসরণ না করে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং তাই সমস্ত নিয়োগ বাতিল করতে হবে। একইসঙ্গে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
জিতেন্দ্র চৌধুরী বলেন, টিটিএএডিসিতে দীর্ঘদিন ধরে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ায় প্রশাসনিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে ‘চুক্তি-চুক্তি খেলা’ চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচন না করে টিটিএএডিসি প্রশাসনকে কার্যত নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাই অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তিনি।
এদিনের কর্মসূচি থেকে জনজাতি যুবসমাজকে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে বিভ্রান্ত না করার আহ্বানও জানানো হয়। বিরোধী দলনেতার অভিযোগ, কখনও ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’, আবার কখনও ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবি সামনে এনে জনজাতি যুবসমাজকে দীর্ঘদিন ধরে মোহিত করে রাখা হচ্ছে। এই ধরনের রাজনৈতিক খেলা বন্ধ করে জনজাতিদের বাস্তব সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।
জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিজেপি ও তিপ্রা মথা—দুই দলই নিজেদের রাজনৈতিক স্বার্থে টিটিএএডিসিকে ব্যবহার করছে। এর ফলে জনজাতিদের স্বার্থসংশ্লিষ্ট প্রকৃত সমস্যাগুলি আড়ালে চলে যাচ্ছে। টিটিএএডিসির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করারও দাবি জানান তিনি।
গণঅবস্থান থেকে বক্তারা বলেন, জনজাতিদের স্বার্থে সাত দফা দাবি দীর্ঘদিন ধরেই তুলে ধরা হচ্ছে। কিন্তু দাবিগুলি পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই গণআন্দোলনের পথে যেতে হচ্ছে। টিটিএএডিসি প্রশাসনে কথিত অনিয়ম ও বেআইনি নিয়োগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়োগ বাতিল, দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন এবং জনজাতি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে জিএমপি, টিওয়াইএফ ও টিএসইউ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, সাত দফা দাবি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। রাজধানীর কর্মসূচির পর রাজ্যের বিভিন্ন এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এদিনের গণঅবস্থান থেকে সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়, টিটিএএডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করতে হবে। জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

