iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

স্বাধীনতা দিবসের আগে নেশার বিরুদ্ধে কড়া অভিযান, পঞ্চবটী বাজারে পুলিশের জালে ৪

আগরতলা, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে নেশাবিরোধী অভিযানে আরও তৎপর হয়ে উঠেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার সকালে আড়ালিয়া পঞ্চবটী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন নেশা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নেশাজাতীয় সামগ্রীর কারবারের বিরুদ্ধে বিশেষ নজরদারি শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশের দাবি, নেশার কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পূর্ব আগরতলা থানার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় একাধিক নেশাবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আড়ালিয়া এলাকার পঞ্চবটী বাজারে ফের অভিযান চালানো হয়। গোপন সূত্রে নেশাজাতীয় সামগ্রীর কেনাবেচার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে চারজনকে আটক করে।

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নেশার কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ। পূর্ব আগরতলা থানার জনৈক পুলিশ আধিকারিক জানান, স্বাধীনতা দিবসকে সামনে রেখে নেশাবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। নেশার কারবার বন্ধ করতে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে নেশার কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবারও পূর্ব আগরতলা থানার পুলিশ আগরতলা শহরের বিভিন্ন এলাকায় নেশাবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওইসব অভিযানে নতুন করে গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি। স্বাধীনতা দিবসের আগে নেশার বিরুদ্ধে পুলিশের এই লাগাতার অভিযান আগামী দিনগুলিতেও চলবে বলে জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *