iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিভিন্ন দাবিতে ২৯ জুন ওবিসি ও এসসি কর্পোরেশন অফিস ঘেরাও করবে কংগ্রেস

আগরতলা, ২৭ জুন : বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ২৯ জুন আগরতলায় ওবিসি ও এসসি কর্পোরেশন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি এবং এসসি ডিপার্টমেন্ট। শনিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ এবং এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস।

ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ বলেন, রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের জন্য গঠিত ওবিসি কর্পোরেশন থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারি কর্মচারীকে গ্যারান্টার হিসেবে বাধ্যতামূলক করার শর্ত সাধারণ মানুষের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি এই শর্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ওবিসি সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মোট পাঁচ দফা দাবি সরকারের কাছে উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে এই দাবিগুলি উপেক্ষিত হওয়ায় আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস তপশিলি জাতিভুক্ত মানুষের স্বার্থে সাত দফা দাবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। ফলে সমাজের পিছিয়ে পড়া মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির পরিবর্তনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

কংগ্রেস নেতারা জানান,২৯ জুন ওবিসি ও এসসি কর্পোরেশন অফিস ঘেরাও করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিপত্র তুলে দেওয়া হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *