iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কাঁটাতার ঘেঁষা জঙ্গল থেকে গাঁজা উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ১১ জুন : পশ্চিম নারায়ণপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বুধবার রাতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নেশা কারবারিরা সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন পশ্চিম নারায়ণপুর এলাকায় বুধবার সন্ধ্যা থেকেই সক্রিয় হয়ে ওঠে। পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট প্যাকেটে গাঁজা ভরে বেড়ার ওপারে ঢিল ছুঁড়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল তাঁরা।

স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিষয়টি এয়ারপোর্ট থানায় খবর দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা জঙ্গল এলাকা থেকে পালিয়ে যায়, তবে পালানোর সময় গাঁজা ভর্তি ছয়টি প্যাকেট জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে যায়।

পরে পুলিশ পুরো এলাকা তল্লাশি চালিয়ে কাঁটাতারের বেড়া সংলগ্ন জঙ্গল থেকে ছয়টি ছোট প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলোতে মোট ১২ কেজি গাঁজা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাচারকারীদের পাশাপাশি স্থানীয় সহযোগীদের ভূমিকা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *