iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলা পুর নিগমের ২০২৬-২৭ অর্থবর্ষের ৯৭৫.৯১ কোটি টাকার বাজেট পাস

আগরতলা, ১০ জুন : আগরতলা পুর নিগমের ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট বুধবার বিস্তারিত আলোচনা শেষে গৃহীত হয়েছে। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে দীর্ঘ আলোচনা ও কর্পোরেটরদের মতামত গ্রহণের পর ধ্বনি ভোটে বাজেটটি পাস হয়।

উল্লেখ্য, গত ১ জুন আগরতলা পুর নিগমের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত অধিবেশনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেছিলেন। প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছিল ৯৭৪ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছিল ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকা। সেই হিসেবে চলতি অর্থবর্ষের বাজেটে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি দেখানো হয়েছে।

বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নগর পরিকাঠামো উন্নয়ন ও জনপরিষেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব প্রদান। বাজেটে মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮৩৬ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা। এই অর্থ শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, রাস্তা-নর্দমা সংস্কার, আধুনিক নাগরিক পরিষেবা সম্প্রসারণ এবং নগর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে।

এছাড়া, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে ১৬৭ কোটি ৬০ লক্ষ টাকা। নগরীর বাজারগুলির আধুনিকীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি, যান্ত্রিক পদ্ধতিতে নালা-নর্দমা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য ১৮ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা প্রস্তাবিত ব্যয় বরাদ্দকে স্বাগত জানান। তাঁরা বলেন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন, নগর অবকাঠামোর বিকাশ এবং পরিকল্পিত শহর গঠনের ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বাজার উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও উন্নয়নমূলক প্রকল্পে বড় অঙ্কের বরাদ্দ আগরতলার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে ধ্বনি ভোটের মাধ্যমে বাজেট গৃহীত হয়। পুর নিগম কর্তৃপক্ষের মতে, ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেট আগরতলা শহরকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *