iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভিআইপি রোডে বেপরোয়া গতির গাড়ি গাছে ধাক্কা দিয়ে উল্টে গেল, অল্পের জন্য রক্ষা প্রাণ

আগরতলা, ১০ মে : রাজধানী আগরতলায় ভিআইপি রোডে গভীর রাতে বেপরোয়া গতির একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। রবিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে রাজধানীর এনসিসি থানাধীন ভিআইপি রোডের লিচুবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর টিআর-০১-এটি-০৭৩৮। স্থানীয়দের ধারণা, গাড়িটি বিমানবন্দরের দিক থেকে শহরের দিকে আসছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

রবিবার সকালে পথচারীরা রাস্তার পাশে উল্টে থাকা গাড়িটি দেখতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। গাড়িটির অবস্থা দেখে অনেকেই মনে করছেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তারও বেশি ছিল। স্থানীয়দের একাংশের সন্দেহ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো গাড়িটি উল্টে যায়। এমন পরিস্থিতিতে চালক ও অন্য কোনও যাত্রী থাকলে তারা কীভাবে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেন, তা নিয়েও এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। গাড়ির নম্বরের ভিত্তিতে মালিকের পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সময় গাড়িতে কারা ছিলেন, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজধানীতে গভীর রাতে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর আবারও রাতের শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *