কৈলাসহর, ১০ মে : কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়কে রবিবার বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। যাত্রীবাহী কমান্ডার জিপ ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টা নাগাদ কৈলাসহর-ধর্মনগর সড়কের ভগবান নগর ৩ নং ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কমান্ডার জিপটির নম্বর আরজে১৩ইউএ০১০৭ এবং ট্রিপার গাড়ির নম্বর টিআর-০৫-ডি-১৭৬১।
কমান্ডার জিপের চালক মিঠুন পালের অভিযোগ, তিনি স্বাভাবিক গতিতে সোজা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় সামনে চলন্ত ট্রিপার গাড়িটি হঠাৎ করেই কোনও প্রকার সিগন্যাল বা ইন্ডিকেটর না দিয়ে ডানদিকে বাঁক নেওয়ার চেষ্টা করে। আচমকা এই মোড় নেওয়ায় কমান্ডার জিপটির চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং সজোরে ট্রিপারটির সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় কমান্ডার জিপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতরভাবে আহত হন চালক মিঠুন পাল, পরিতোষ পাল এবং রাজীব শর্মা। এছাড়াও ট্রিপার গাড়ির চালক সামান্য আহত হন বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রিপার চালকের নাম জানা যায়নি।
ঘটনার সময় বিকট শব্দ শুনে আশেপাশের এলাকার বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ফলে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা সবসময় থেকেই যায়। তারা ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

