iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রক্তের অভাব মেটাতে প্রতি পরিবারে একজন রক্তদাতা চান আগরতলার মেয়র

আগরতলা, ১০ মে : “প্রতি বাড়ি থেকে অন্তত একজন করে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করতে হবে। তাহলেই রক্তদানের পরিধি আরও বাড়বে এবং প্রয়োজনে রক্তের অভাবে কাউকে প্রাণ হারাতে হবে না।” রবিবার বনমালীপুরস্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত  স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা দীপক মজুমদার।

শ্রীশ্রী কৈবল্যধামের চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষ্যে বনমালীপুরের শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ এই রক্তদান শিবিরে আয়োজন করে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

রবিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিবির পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শিবিরের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দীপক মজুমদার বলেন, বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দির শুধু ধর্মীয় কার্যকলাপেই সীমাবদ্ধ নয়, প্রতি বছর বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে আসছে। এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, রক্তদান এমন এক মানবিক কাজ, যার মাধ্যমে অজস্র মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্ঘটনা, জটিল অস্ত্রোপচার, প্রসূতি মা কিংবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাই সমাজের প্রতিটি পরিবার থেকে অন্তত একজন করে নিয়মিত রক্তদাতা গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য মন্দির কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি।

শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *