iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আমবাসায় ছিঁড়ে পড়া হাইভোল্টেজ তারে দগ্ধ কিশোরী

আমবাসা, ১৬ এপ্রিল : ধলাই জেলার আমবাসা বাজার সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৩ বছরের কিশোরী। আহত কিশোরীর নাম মন্টি মোদক বলে জানা গেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে হঠাৎ করেই একটি হাইভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। দুর্ভাগ্যবশত পথ দিয়ে যাওয়ার সময় ওই তারের সংস্পর্শে আসে মন্টি। মুহূর্তের মধ্যেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়।

ঘটনাস্থলেই তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে কিশোরীকে উদ্ধার করে প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কিশোরীর শরীরের সিংহভাগ অংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলন্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং অবহেলার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। কীভাবে তারটি ছিঁড়ে পড়ল এবং এর পেছনে কারও গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *