iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সাত বছরেও বসেনি ট্রান্সফরমার, বিদ্যুৎ সমস্যায় নাজেহাল বড়দোয়ালের ভোক্তারা

বক্সনগর, ৩ এপ্রিল : দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন সিপাহীজলা জেলার বক্সনগরের বড়দোয়াল ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলাতেই বিদ্যুতের ভোল্টেজ এতটাই কম থাকে যে পাখা ঠিকমতো ঘুরে না, আর রাতের পরিস্থিতি হয়ে ওঠে আরও দুর্বিষহ। ফলে গরমের এই সময়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ভোক্তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে আন্দোলনের পর অবশেষে এলাকায় একটি পৃথক ট্রান্সফরমার বসানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়। এতে সমস্যার সমাধান হবে বলে আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই ট্রান্সফরমার স্থাপন করা হয়নি।

অভিযোগ উঠেছে, গত দুই বছর ধরে ট্রান্সফরমার বসানোর স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় বিজেপি প্রধান, পঞ্চায়েত সদস্য ও দলীয় নেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। এই দ্বন্দ্বের জেরেই প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে দাবি স্থানীয়দের। ফলে সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

এদিকে, আরও গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে। প্রধানের চাপে পড়ে নিগমের কর্মীরা একটি জলাশয়ের মধ্য দিয়ে এসটি লাইন টেনেছেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, যে কোনও সময় বৈদ্যুতিক খুঁটি ভেঙে জলের মধ্যে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণও হতে পারে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে নিরাপদ ও উপযুক্ত স্থানে ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন সরিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ নিগমের দ্রুত হস্তক্ষেপ চাইছেন তাঁরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *