iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সিমনায় ভালুকের আক্রমণে গুরুতর আহত কৃষক

মোহনপুর, ১১ জুন : ক্ষেতে কৃষিকাজ করতে গিয়ে ভালুকের আক্রমণে গুরুতরভাবে আহত হলেন কৃষক। আহতের নাম ললিত দেববর্মা (৭০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনার অন্তর্গত ভুবন চৌধুরী পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ললিত দেববর্মা দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাঁর পৈতৃক বাড়ি ভুবন চৌধুরী পাড়ায় এবং সেখানেই তাঁর একটি নিজস্ব বাগান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি সিমনা এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত নিজের বাগানে কাজ করতে যান।

কিন্তু বাগানে কাজ করার সময় হঠাৎই জঙ্গল থেকে দুটি ভালুক বেরিয়ে এসে তাঁর ওপর আক্রমণ চালায় বলে জানা গেছে। আকস্মিক এই আক্রমণে তিনি মাটিতে পড়ে যান এবং ভালুকের আঘাতে তাঁর ডান পায়ে একাধিক গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হলেও কোনওমতে নিজ বাড়িতে ফোন করে ঘটনাটি জানান তিনি।

খবর পাওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে প্রথমে নিকটবর্তী কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় বন্যপ্রাণী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বন দফতরের দ্রুত হস্তক্ষেপ ও এলাকায় বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *