তেলিয়ামুড়া , ২৮ নভেম্বর: দিনের আলোতেই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন গৌরাঙ্গটিলা এলাকায়। বাড়ির পেছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা সোনার গয়নাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর বাজারমূল্য ৫০ হাজার টাকারও বেশি। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজ নারায়ণ দেবনাথের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। আর সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। বাড়ির পেছনের জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তাঁরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এরপর ঘরে থাকা সোনার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজি করে মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করল, চুরির ঘটনায় কতজন জড়িত এবং তাঁদের পালানোর সম্ভাব্য পথ কোনটি, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতা করার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ রয়েছে। তার ওপর দিনের বেলায় বসতবাড়িতে এভাবে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে কর্মসূত্রে দিনের অধিকাংশ সময় যাঁদের বাড়ির বাইরে থাকতে হয়, তাঁদের মধ্যে আতঙ্ক বাড়ছে। বাড়িতে কেউ না থাকলেই যদি দুষ্কৃতীরা এভাবে জানালা দিয়ে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কোথায়—সেই প্রশ্নও উঠছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির ঘটনার পর তদন্ত শুরু করেই পুলিশের দায়িত্ব শেষ হতে পারে না। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গৌরাঙ্গটিলা ও সংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

