আগরতলা, ২৮ নভেম্বর: হাওড়া নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রের। মৃত ছাত্রের নাম দীপ সাহা। তাঁর বাড়ি শ্রীনগর থানাধীন মলয়নগরের ৯৯ টিলা এলাকায়। শনিবারের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দীপ সাহা রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি ফুল দিয়ে ডেকোরেশনের কাজও করত সে। তাঁর বাবা প্রদীপ সাহা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সংসার। পরিবারের বড় স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করার। কিন্তু অকালে দীপের এই মর্মান্তিক মৃত্যুতে সেই স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়ে গেল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি অনুষ্ঠানে ফুল দিয়ে সাজসজ্জার কাজ করতে বাড়ি থেকে বের হয় দীপ। এরপর বন্ধুদের সঙ্গে হাওড়া নদীতে স্নান করতে যায় সে। সেখানেই স্নান করার সময় জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, কীভাবে সে জলে তলিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, শনিবার বেলা প্রায় ১২টা নাগাদ এক পুলিশ আধিকারিক মলয়নগরের ৯৯ টিলা এলাকায় দীপের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের এই মর্মান্তিক খবর জানান। খবর পাওয়ামাত্রই শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন দীপের মা-বাবা ও আত্মীয়স্বজন। তাঁরা দ্রুত জিবিপি হাসপাতালে ছুটে যান। সেখানে এক নিকটাত্মীয়ের কাছ থেকে ঘটনার খবর জানা যায়।
তবে হাওড়া নদীর ঠিক কোন স্থানে এবং কীভাবে দীপের মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরাও বিস্তারিত কিছু জানাতে পারেননি। ঘটনাটি ঘিরে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
একাদশ শ্রেণির ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে মলয়নগরের ৯৯ টিলা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে ছেলেটি পড়াশোনার পাশাপাশি কাজের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল, তাঁর এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও পরিচিতজনেরা। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকের সাগরে ডুবেছে সাহা পরিবার।

