iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভোটের দিন মহিলা নেত্রীদের হেনস্থা ও কর্মীদের মারধরের অভিযোগ, থানায় ডেপুটেশন

আগরতলা, ২৮ নভেম্বর : পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ নামতে না নামতেই সামনে এল হামলা, মারধর ও মহিলা কর্মীদের হেনস্থার একাধিক অভিযোগ। গত ২৭ নভেম্বর ভোটগ্রহণের দিন রাজধানী আগরতলায় বিভিন্ন ওয়ার্ডে সিপিআইএম-এর কর্মী-সমর্থক এবং মহিলা নেত্রীদের উপর শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের হামলা ও হেনস্থার অভিযোগ তুলল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার পশ্চিম আগরতলা থানার এসডিপিওর কাছে ডেপুটেশন প্রদান করলেন সংগঠনের নেতৃত্ব ও সদস্যারা।

ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত নির্বাচনের দিন ঘটে যাওয়া একাধিক ঘটনার বিবরণ তুলে ধরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে তাঁদের কর্মী-সমর্থকদের উপর পরিকল্পিতভাবে হামলা, মারধর ও হেনস্থার ঘটনা ঘটেছে। বিশেষ করে মহিলা কর্মী ও নেত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

স্বপ্না দত্তের অভিযোগ অনুযায়ী, ১২ নম্বর ওয়ার্ডে সংগঠনের রাজ্য কমিটির সদস্যা কাজলরেখা সিংহের স্বামীকে ভোটকেন্দ্রের ভিতরে মারধর করা হয়েছে। একইভাবে ৩৬ নম্বর ওয়ার্ডের রাজনগর স্কুলের ভোটকেন্দ্রে রঞ্জিতা সিংহ দেবনাথকে শ্লীলতাহানি, মারধর ও হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে স্বপ্না দত্ত বলেন, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে যদি মহিলা কর্মীদের উপর এ ধরনের আক্রমণের ঘটনা ঘটে, তাহলে তাঁদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার দুটিই প্রশ্নের মুখে পড়ে।

এদিকে ১৭ নম্বর ওয়ার্ডে বৈশালী নামে তাঁদের এক কর্মীর ক্ষেত্রে বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগও তুলেছেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা। পাশাপাশি পোলিং এজেন্টদের নির্বাচনী দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ভোটের দিন বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিরোধী দলের কর্মী-সমর্থকদের স্বাভাবিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন স্বপ্না দত্ত। তাঁর অভিযোগ, নির্বাচনের দিন পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা দিতে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। একাধিক ঘটনার পরও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে ভবিষ্যতে যাতে আক্রান্ত কর্মী-সমর্থক, মহিলা নেত্রী এবং পোলিং এজেন্টদের উপর নতুন করে কোনও হামলা বা হেনস্থার ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের কাছে বিশেষভাবে দাবি জানানো হয়েছে।

ডেপুটেশনে আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করা এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠন। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত মহিলা কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এদিনের ডেপুটেশনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যারা উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *