কলকাতা, ২১ নভেম্বর : রেল যাত্রীদের শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে যাত্রা সুনিশ্চিত করতে মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার এবং উচ্চস্বরে কথাবার্তা বন্ধে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। এ বিষয়ে শুক্রবার সমস্ত ডিভিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন বা স্টেশনে মোবাইলের স্পিকার চালিয়ে গান ও ভিডিয়ো দেখা, উচ্চস্বরে দীর্ঘক্ষণ ফোনে কথা বলা এবং জোরে রিংটোন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে রেলযাত্রীদের। সচেতনতা বাড়াতে স্টেশন ও ট্রেনে বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে প্রচার চালানো হবে। এসি কামরাতেও লাগানো হবে সচেতনতামূলক পোস্টার ও স্টিকার।
এদিন রেল আরো জানিয়েছে যে, এই ধরনের আচরণে যাত্রীদের অসুবিধা হলে রেল আইন, ১৯৮৯-এর ১৪৫ ধারায় সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা এবং ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সুতরাং নিয়ম কার্যকর করতে ডিভিশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

