iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

লিটারপ্রতি ৩.০৪ টাকা বেড়ে ত্রিপুরায় পেট্রোল ১০০.৫৪

আগরতলা, ১৫ মে  : আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে ত্রিপুরায় পেট্রোলের দাম প্রথমবারের মতো লিটারপ্রতি ১০০ টাকার গণ্ডি পেরিয়ে ১০০ টাকা ৫৪ পয়সায় পৌঁছেছে। একই সঙ্গে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৯ টাকা ৪৪ পয়সা।

তেল সংস্থাগুলির সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, রাজ্যে পেট্রোলের দাম লিটারপ্রতি ৩ টাকা ৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে পেট্রোলের দাম ছিল ৯৭ টাকা ৫০ পয়সা। নতুন মূল্য কার্যকর হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ৫৪ পয়সায়। অন্যদিকে, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা ৯১ পয়সা বেড়েছে। আগে ডিজেলের দাম ছিল ৮৬ টাকা ৫৩ পয়সা, যা এখন বেড়ে ৮৯ টাকা ৪৪ পয়সা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানী আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে নতুন দামে জ্বালানি বিক্রি শুরু হয়। একটি পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রভাবেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তার জেরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের খুচরা জ্বালানি বাজারে।

উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে বলে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের সংসার খরচ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

রাজ্যে পেট্রোলের ‘সেঞ্চুরি’ স্পর্শকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই মূল্যবৃদ্ধির সমালোচনা করেছে। অন্যদিকে, সাধারণ মানুষও জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *