সামসেরগঞ্জ, ১৯ নভেম্বর : মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে ১৯৭ গ্রাম হেরোইন এবং ৩৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯৭ গ্রাম হেরোইন-সহ জামিরুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার সাকারঘাট এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি ফারাক্কার দিক থেকে ওই হেরোইন নিয়ে আসছিলেন। মাদক কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, পৃথক অভিযানে নতুন জালাদিপুর এলাকা থেকে ৩৩২ বোতল ফেনসিডিল-সহ লুতফল শেখ (৬০) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সামসেরগঞ্জের হাতিছিত্রা, ধুলিয়ান এলাকায়। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর পিছনে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

