কলকাতা, ১৯ নভেম্বর : জমি দখলের একটি পুরোনো মামলার তদন্তে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক শামিম আহমেদের বাড়িতে যৌথ অভিযান চালাল রাজ্য গোয়েন্দা সংস্থা (সিআইডি) এবং পুলিশ। বুধবার গভীর রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে নিয়ে সিআইডি-র একটি বিশেষ দল ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়া এলাকায় অবস্থিত বিধায়কের বাসভবনে পৌঁছয়। দীর্ঘক্ষণ ধরে বাড়ির দরজায় কড়া নাড়া হলেও বিধায়কের কোনo হদিস পাওয়া যায়নি বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও সিআইডি সূত্রে খবর, ডায়মন্ড হারবারে জোরপূর্বক জমি দখলের একটি মামলায় বিধায়ক শামিম আহমেদের নাম জড়িয়েছিল। অভিযোগ, গত বছরের আগস্ট মাসে বন্দুক দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি সম্পত্তির মালিকানা জোর করে পরিবর্তন করানো হয়েছিল। এই মামলার এফআইআর-এ অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে বিধায়ক শামিম আহমেদের নাম। বর্তমানে এই মামলার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে।
অভিযোগকারিণী ডায়মন্ড হারবারের বাসিন্দা এক মহিলা দাবি করেছিলেন যে, তাঁর পরিবারের প্রায় ১ একর জমি ভয় দেখিয়ে দখল করে নেওয়া হয়েছে। গত বছর শামিম আহমেদ ও তাঁর অনুগামীরা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি। ওই মহিলার দাবি, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে তৎকালীন স্থানীয় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এবং আতঙ্কের জেরে তিনি এতদিন মুখ খোলার সাহস পাননি।
বুধবার গভীর রাতের এই অভিযান ঠিক কোন মামলার প্রেক্ষিতে চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে, ডায়মন্ড হারবারের ওই জমি দখল মামলার তদন্তেই এই পদক্ষেপ নিয়েছে সিআইডি।
উল্লেখ্য, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে নগদ ১ কোটি ২ লক্ষ ৬৯ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের বিতর্কেও মোগরাহাট পশ্চিমের এই বিধায়কের নাম জড়িয়েছিল। যদিও শুরু থেকেই শামিম আহমেদ দাবি করে আসছেন যে, টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এমনকি ওই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরই মাঝে জমি দখলের মামলায় সিআইডি ও পুলিশের এই গভীর রাতের অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

