iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় লাল সতর্কতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি

নয়াদিল্লি ও কলকাতা, ১৯ নভেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই এটি উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে আগামী ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দু’দিন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’ থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, আগামী দু’দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে, উত্তর ভারতে শীতের দাপট বাড়ার পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঘন কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *