iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিদেশে গিয়ে ভারতকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন রাহুল গান্ধী : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : ভারতের অর্থনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি-র জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাহুল গান্ধী প্রতিবার বিদেশ সফরে গিয়ে ভারতের শক্তিশালী গণতন্ত্র ও অর্থনীতিকে দুর্বল এবং অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন।
সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে ‘অরাজকতাবাদী’ এবং ‘ভারত-বিরোধী’ বলে আক্রমণ শানিয়ে গৌরব ভাটিয়া বলেন, “যতবার রাহুল গান্ধী বিদেশ ভ্রমণে যান, ভারতের প্রাণবন্ত, মজবুত এবং অভ্যন্তরীণভাবে শক্তিশালী গণতন্ত্রের বিরুদ্ধে তাঁর একটি অশুভ অভিসন্ধি ও ষড়যন্ত্র থাকে। একটি স্থিতিশীল গণতন্ত্র এবং শক্তিশালী অর্থনীতিকে অস্থিতিশীল করতে অরাজকতাবাদী রাহুল গান্ধী— যিনি দুর্ভাগ্যবশত আমাদের লোকসভার বিরোধী দলনেতা— বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মডেল অনুকরণ করার চেষ্টা করছেন।”
রাহুল গান্ধীর বক্তব্যকে তথ্যহীন ও মিথ্যাচার বলে দাবি করে বিজেপি মুখপাত্র আরও বলেন, “তিনি যে কাজটি সবচেয়ে ভালো করেন তা হলো— কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই মিথ্যা ও অপপ্রচারে ভরা বিবৃতি দেওয়া এবং অত্যন্ত নিন্দনীয় মন্তব্যের মাধ্যমে আমাদের দেশের বদনাম করা। আজ দেশের নাগরিকরা নিজেদেরই প্রশ্ন করছেন— কেন আমাদের এমন একজন বিরোধী দলনেতা থাকবেন, যিনি কেবল অপরিণত এবং দায়িত্বজ্ঞানহীনই নন, বরং ভারত-বিরোধীও বটে।”
সংসদ অধিবেশনের ঠিক আগেই রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে জর্জ সোরোস এবং মার্কিন রাজনীতিক ইলহান ওমরের প্রসঙ্গও টেনে আনেন গৌরব ভাটিয়া। তিনি বলেন, “যখন গোটা দেশ আনন্দ উদযাপন করছে, তখন কতটা দুর্ভাগ্যজনক যে বিরোধী দলনেতা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার জন্য শত্রুভাবাপন্ন বিদেশি শক্তিগুলির সাহায্য খুঁজছেন। প্রতিবার সংসদ অধিবেশন ডাকার ঠিক আগেই তিনি বিদেশে চলে যান। হতে পারে তিনি তাঁর প্রভু জর্জ সোরোসকে জিজ্ঞাসা করতে যান যে ভারতের গণতন্ত্রকে অস্থিতিশীল করতে কী করতে হবে। অথবা হতে পারে তিনি আমেরিকার সেই রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকে নির্দেশ নিতে পছন্দ করেন, যাঁর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তথ্যের ওপর ভিত্তি করেই আমাদের এই ভারত-বিরোধী ও দায়িত্বজ্ঞানহীন নেতা রাহুল গান্ধীর বক্তব্যের কড়া জবাব দিতে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *