iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

থাইল্যান্ডের বহুতলে ভয়াবহ অগিকাণ্ড, মৃত্যু ১১ জনের

ফুকেট, ১৬ নভেম্বর: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের পাটং এলাকায় সোমবার ভোররাতে একটি বাণিজ্যিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই; হতাহতরা সকলেই স্থানীয় কর্মী ও বাসিন্দা।

পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার ভোররাত ৩টে ১৭ মিনিট নাগাদ পাটং সমুদ্রসৈকত সংলগ্ন ফাং মুয়াং সাই কোর রোডের একটি চারতলা বাণিজ্যিক ভবনে (শপহাউস) প্রথম আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি গাড়ি ও মোটরবাইক ভাড়া দেওয়ার দোকান ছিল এবং ওপরের তলাগুলিতে কর্মী ও বাসিন্দারা থাকতেন। দোকানে মজুত থাকা দাহ্য পদার্থ ও জ্বালানির কারণে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের আরও কয়েকটি ভবনকে গ্রাস করে। খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘন কালো ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ চালাতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, আগুন লাগার পর ছাদের দিকে পালানোর চেষ্টা করার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক। মৃতদের মধ্যেও থাই ও মায়ানমারের নাগরিক রয়েছেন। ঠিক কী কারণে ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে থাই প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *