iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির

আগরতলা, মে : “ভারতবর্ষকে জগতের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে হলে সেবার মাধ্যমে মানুষকে পূজা করতে হবে। রক্তদান এমন এক মহৎ সেবা, যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব।” — এই মর্মস্পর্শী বার্তা দিয়েই শনিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমৃতানন্দজী মহারাজ।

অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবসেবার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী অমৃতানন্দজী বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। রক্তদান এমন এক দান, যা সরাসরি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেন, বর্তমান সময়ে রক্তের চাহিদা ক্রমাগত বাড়ছে। দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাই সমাজের প্রতিটি সুস্থ মানুষের উচিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা।

প্রাক্তন বিধায়ক তথা চিকিৎসক দিলীপ কুমার দাস রক্তদানের স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদান শুধু অন্যের জীবন রক্ষা করে না, এটি একজন দাতার শারীরিক সুস্থতাও নিশ্চিত করতে সহায়ক। নিয়মিত রক্তদান মানবিক দায়িত্বের পাশাপাশি একটি স্বাস্থ্যকর অভ্যাসও।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার, সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক, সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারের শিবিরেও বিপুল সংখ্যক সদস্য ও স্বেচ্ছাসেবক রক্তদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *