iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

২৫ জানুয়ারি থেকে রাজ্যে জনগণনার দ্বিতীয় পর্যায়, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

আগরতলা, ১৩ নভেম্বর: দেশের প্রশাসনিক ও পরিকল্পনাগত পরিকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জনগণনা। দেশের জনসংখ্যা, সামাজিক অবস্থান, জীবনযাত্রা এবং আর্থসামাজিক পরিস্থিতির নির্ভুল চিত্র তুলে ধরার ক্ষেত্রে জনগণনার ভূমিকা অপরিসীম। তাই রাজ্যে জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজ সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ত্রিপুরায় শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ। এই প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে চলেছে এই জনগণনা। ফলে প্রযুক্তির ব্যবহারে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আসতে চলেছে এক নতুন অধ্যায়।

শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে আয়োজিত রাজ্যস্তরের কর্মশালায় এই তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। তাঁর কথায়, জনগণনা ২০২৭ কেবলমাত্র একটি প্রশাসনিক কিংবা পরিসংখ্যানগত রুটিন প্রক্রিয়া নয়। বরং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। জনগণনার মাধ্যমে সংগৃহীত নির্ভুল তথ্য ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে দক্ষতা, স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি রিয়েল টাইম ডাটা ভ্যালিডেশনের জন্য ব্যবহার করা হবে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবভিত্তিক মনিটরিং সিস্টেম। এর ফলে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও গতিশীল করার পাশাপাশি সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণনার কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যে দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই শুক্রবার প্রজ্ঞা ভবনে এই রাজ্যস্তরের কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন আধিকারিক, জেলাশাসক, মিউনিসিপাল কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং নয়া দিল্লির রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনারের দফতর (ওআরজিআই)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্সাস-২০২৭-এর নোডাল অফিসার তথা পরিকল্পনা দফতরের সচিব বিকাশ সিং।

কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সচিব জে কে সিনহা জানান, রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় পর্যায়ের কাজও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সমস্ত দফতর ও প্রশাসনিক আধিকারিকদের সমন্বিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিনের কর্মশালায় ভারতের রেজিস্ট্রার জেনারেলের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ওআরজিআই-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল বিশ্বজিৎ দাস। জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন দিক, প্রযুক্তির ব্যবহার এবং দ্বিতীয় পর্যায়ের কাজের প্রস্তুতি নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ত্রিপুরায় জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ গত ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলে। প্রথম পর্যায়ে হাউস লিস্টিং অপারেশন (এইচএলও)-এর মাধ্যমে বাড়িঘর ও সংশ্লিষ্ট পরিকাঠামোর তালিকাভুক্তির কাজ সম্পন্ন করা হয়। এবার দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে জনগণনার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে প্রযুক্তিনির্ভর এই জনগণনা প্রক্রিয়াকে সফল করতে এখন থেকেই প্রশাসনিক প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *