iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পুর ও নগর ভোটে বিজেপির পক্ষে জনসমর্থনের জোয়ার, ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে বলা কঠিন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ নভেম্বর : আসন্ন পুর ও নগর নির্বাচনে বিজেপির পক্ষে জনসমর্থনের যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত কোন উচ্চতায় পৌঁছবে, তা এখনই অনুমান করা কঠিন। শুধু আগরতলা পুর নিগম নয়, রাজ্যের সর্বত্র বিজেপির পক্ষে ব্যাপক সাড়া মিলছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং বিজেপির পাশে রয়েছেন। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডকে ঘিরে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা। শুক্রবার তাঁর সমর্থনে প্রচারে নামেন মুখ্যমন্ত্রী নিজেই। সঞ্জয় সাহাকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান তিনি। রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন এলাকাতেও চলে এই নির্বাচনী প্রচার। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন।

বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন দলের প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা। তিনি এলাকার পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০ নম্বর ওয়ার্ডের মতোই ৩২ নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থীকে ঘিরে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে।

এই জনসমর্থনের ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই স্পষ্ট করে দিচ্ছে যে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে রয়েছেন এবং বিজেপির সঙ্গে রয়েছেন। এবারের নগর নির্বাচনে শুধু আগরতলা পুর নিগমেই নয়, রাজ্যের অন্যান্য পুরসভা ও নগর এলাকাতেও বিজেপির পক্ষে যে সাড়া দেখা যাচ্ছে, তাতে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা এখনই বলা সম্ভব নয়। সর্বত্র বিজেপির পক্ষে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির পুরনো মুখ হিসেবেই পরিচিত সঞ্জয় সাহা। ২০১৭ সালের আগরতলা পুর নিগম নির্বাচনেও তিনি এই ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় আট বছর ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি একজন বাস্কেটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত।

সব মিলিয়ে ৩২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় সাহার সমর্থনে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রচার বিজেপির নির্বাচনী লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে প্রচার ময়দানে জনসমাগম ও স্বতঃস্ফূর্ততার যে ছবি তুলে ধরছেন মুখ্যমন্ত্রী, ভোটের বাক্সে তার প্রতিফলন কতটা ঘটে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *