iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তফাজ্জল হোসেনের বিধায়ক পদ খারিজের দাবি জানাল তিপ্রা মথার মহিলা সংগঠন

আগরতলা, ১২ নভেম্বর : বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপ ক্রমশ বাড়ছে। এবার সরাসরি বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবি জানাল তিপ্রা ওমেন ফেডারেশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার কাছে এই দাবি জানিয়েছে তিপ্রা মথার মহিলা শাখার এই সংগঠন। সংগঠনের রাজ্য সভানেত্রী মনিহার দেববর্মা জানিয়েছেন, জনজাতি সমাজের ভাবাবেগে আঘাত হানার মতো মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা যায় না। অবিলম্বে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এমডিসি গীতা দেববর্মা, বিধায়ক স্বপ্না দেববর্মা সহ তিপ্রা ওমেন ফেডারেশনের অন্যান্য নেত্রীবৃন্দ। সাংবাদিক সম্মেলনে মনিহার দেববর্মা বিধায়ক তফাজ্জল হোসেনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে সমাজের সকল অংশের মানুষের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। অথচ তাঁর মন্তব্যে জনজাতি সমাজের মানুষের মনে গভীর আঘাত লেগেছে। শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নয়, রাজ্যের সমস্ত জনজাতি সমাজকে অপমানিত ও বদনাম করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ধরনের মন্তব্যের কোনও গ্রহণযোগ্যতা থাকতে পারে না বলে দাবি করেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি প্রশ্ন তোলেন মনিহার দেববর্মা। তাঁর বক্তব্য, সম্প্রতি দিল্লিতে ত্রিপুরার এক ভূমিপুত্রকে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে বিধায়ক তফাজ্জল হোসেনের ক্ষেত্রে একই ধরনের কঠোর অবস্থান নেওয়া হবে না কেন? একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য সভানেত্রী। তাঁর মতে, আইন ও শাস্তির ক্ষেত্রে ব্যক্তি পরিচয় কিংবা রাজনৈতিক অবস্থান দেখে ভিন্ন নীতি গ্রহণ করা উচিত নয়।

মনিহার দেববর্মা আরও দাবি করেন, বিধায়কের মন্তব্যের ফলে জনজাতি সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই শুধুমাত্র মৌখিক ক্ষমাপ্রার্থনা যথেষ্ট নয়। বিধায়কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁর বিধায়ক পদ খারিজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের মন্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে বুধবার রাতেই সামাজিক মাধ্যমে নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেন বিধায়ক তফাজ্জল হোসেন। তবে তাঁর সেই ক্ষমাপ্রার্থনায় বিতর্কের অবসান ঘটেনি। বরং তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন বিধায়কের ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করেছেন।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, সরকারের সহযোগী দল তিপ্রা মথার মহিলা শাখার পক্ষ থেকে এবার সরাসরি বিধায়ক পদ খারিজের দাবি ওঠায় বিজেপি-র উপর রাজনৈতিক চাপ আরও বাড়ল। একদিকে বিধায়কের ক্ষমাপ্রার্থনা, অন্যদিকে তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতার অনড় অবস্থান—সব মিলিয়ে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে তিপ্রা মথা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ফলে বিধায়কের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক আপাতত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *