আগরতলা, ২ অক্টোবর : বড়জলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি সাহাপাড়া, সবজি পাড়া ও দেশবন্ধু পাড়ার বিভিন্ন এলাকা ঘুরে রাস্তা নির্মাণ, পেপার ব্লক বসানো এবং ঢালাই রাস্তার কাজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাজগুলির গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে পুর নিগমের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মেয়র। পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার বিষয়েও অবগত হন। নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে চলমান কাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিন নতুন নগর বাজারের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন মেয়র। বাজারের বর্তমান পরিকাঠামো, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কীভাবে বাজারের পরিষেবা ও পরিবেশ আরও উন্নত করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়। ব্যবসায়ীদের বক্তব্য ও প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়।
এর পাশাপাশি সাহাপাড়ায় একটি নতুন রাস্তার উদ্বোধন করেন মেয়র। নতুন রাস্তা চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়। দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি নাগরিক পরিষেবার পরিধি আরও বাড়ানোর লক্ষ্যেই পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
পরিদর্শনকালে মেয়র-ইন-কাউন্সিলর জগদীশ দাশসহ আগরতলা পুর নিগমের আধিকারিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নমূলক কাজগুলির নিয়মিত নজরদারি এবং নাগরিকদের সমস্যা সরেজমিনে পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

