আগরতলা, ৩০ সেপ্টেম্বর : পুলিশি নাকা চেকিংয়ে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হল না। গাড়িকে ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করল আমতলি থানার পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে খয়েরপুর-আমতলি বাইপাস রোডের নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪৮ ঘন্টায় আমতলি থানার পুলিশ বিভিন্ন অভিযানে ১১টি গরু উদ্ধারের পর এবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্য পেল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও খয়েরপুর-আমতলি বাইপাস রোডের নাকা পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন আমতলি থানার এসআই সৌরভ সাহা ও এসআই দিলীপ দাস।
নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীনএকটি সাদা মারুতি গাড়ি খয়েরপুরের দিক থেকে আমতলির দিকে আসতে দেখা যায়। পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের সেই সংকেত উপেক্ষা করে গাড়িটি দ্রুত গতিতে অন্য একটি রাস্তা ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ গাড়িটির পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
বুধবার আমতলি থানার ওসি রানা চ্যাটার্জি ঘটনার কথা জানান। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এই পাচারের পিছনে আরও কেউ জড়িত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত গ্যাংয়ের সন্ধান চালানো হবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি। ফলে ধৃতদের জিজ্ঞাসাবাদে এই মাদক পাচার চক্র সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

