আগরতলা, ২৪ সেপ্টেম্বর : প্রাইভেট টিউশন সেরে স্কুটিতে করে বাড়ি ফেরার পথে রিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হল এক ছাত্র। দুর্ঘটনায় রিকশায় থাকা পুরনো খাটিয়ার ভাঙা কাঠের একটি অংশ তাঁর ডান পায়ের উরুতে গেঁথে যায়। গুরুতর আহত ছাত্রের নাম অভয় পাল। বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগরতলায় রাজনগর স্কুলের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, অভয় পালের বাড়ি রাজধানীর জয়পুর এলাকায়। এদিন বিকেলে প্রাইভেট টিউশন শেষ করে স্কুটিতে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল সে। রাজনগর স্কুলের সামনে পৌঁছালে একটি রিকশার সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। ওই সময় রিকশাটিতে একটি পুরনো খাটিয়া নিয়ে যাচ্ছিলেন রিকশাচালক।
সংঘর্ষের জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ে অভয়। একইসঙ্গে খাটিয়াসহ রিকশাটিও তার ওপর উল্টে পড়ে। দুর্ঘটনার সময় খাটিয়ার একটি ভাঙা কাঠের অংশ অভয়ের ডান পায়ের উরুতে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ছাত্রকে দেখে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তাঁরা উদ্ধার করে তাঁকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যান।
আইজিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অভয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে জিবিপি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সে। হাসপাতাল চত্বরে আহত অভয়ের পিতা জানান, দুর্ঘটনায় ছেলের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধারের কাজে ব্যস্ত থাকার সুযোগে রিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ফলে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আরও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর রিকশাচালকের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।

