আগরতলা, ৬ জুলাই : জিবিপি হাসপাতালের নিউরোলজি বিভাগে সোমবার শিশু মনশ্রী চৌধুরীর বিস্তারিত চিকিৎসা-নিরীক্ষণ সম্পন্ন হয়েছে। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করা হলেও, আপাতত চিকিৎসার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এজিএমসি-র অধ্যক্ষ সংশ্লিষ্ট সমস্ত দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নিউরোলজিস্ট ডাঃ আবীরলাল নাথ।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার জিবিপি হাসপাতাল তথা এজিএমসি-র নিউরোলজি বিভাগে মনশ্রী-র মেডিক্যাল বোর্ড বসে। বোর্ডে উপস্থিত ছিলেন নিউরোলজিস্ট ডাঃ আবীরলাল নাথ, ডাঃ অর্পণ মিত্র, ডাঃ সুপ্রিয়া জমাতিয়া, ডাঃ রেড্ডি এবং শিশু বিভাগের চিকিৎসক ডাঃ সঞ্জীব দেববর্মা-সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক। দীর্ঘ সময় ধরে চিকিৎসকরা মনশ্রীর শারীরিক অবস্থা, পূর্ববর্তী চিকিৎসা সংক্রান্ত নথি এবং ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ আবীরলাল নাথ জানান, মনশ্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়টি অত্যন্ত জটিল এবং এটি কেবল নিউরোলজি বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়। একাধিক বিভাগের মতামত ও মূল্যায়ন প্রয়োজন। তাই মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব তথ্য এজিএমসি-র অধ্যক্ষের কাছে উপস্থাপন করা হবে। তিনিই সিদ্ধান্ত নেবেন মনশ্রীর চিকিৎসা জিবিপি হাসপাতালেই চলবে, নাকি উন্নত চিকিৎসার জন্য অন্য কোনও বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠানো হবে। শিশুটির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাই চিকিৎসকদের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।
এদিকে মনশ্রীকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জিবিপি হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ কনক চৌধুরী। তিনি অভিযোগ করেন, শিশুটির নাম ব্যবহার করে একটি চক্র বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত। তাঁর কথায়, “মানুষের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন অপব্যবহার না করে, সেদিকে সতর্ক থাকা প্রয়োজন।”
তিনি আরও জানান, গোটা বিষয়টি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত রয়েছেন। স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকার মনশ্রীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করার ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বশীল ভূমিকা নেবে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সরকার সব দিক গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ছোট্ট মনশ্রীর প্রতি সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতি এখনও অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ চলছে। সোমবার আগরতলার দুর্গা চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের প্রতিটি দোকান থেকে মনশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই সংগৃহীত অর্থ মনশ্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে মনশ্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, মানবিকতার খাতিরে অসহায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এদিকে চিকিৎসকদের চূড়ান্ত মতামত এবং এজিএমসি অধ্যক্ষের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে মনশ্রীর পরিবার এবং গোটা রাজ্যবাসী। শিশুটির দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা ও শুভকামনা জানিয়ে চলেছেন বহু মানুষ।

