আগরতলা, ৬ জুলাই : ত্রিপুরায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার চালু এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভের জেরে আন্দোলনের পথে নামল সদর জেলা কংগ্রেস। সোমবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে চার দফা দাবিকে সামনে রেখে গণঅবস্থান কর্মসূচি পালন করে দল। কর্মসূচি থেকে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের পদত্যাগও দাবি করা হয়।
সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা-সহ দলের একাধিক নেতা-কর্মী। বিক্ষোভকারীরা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং বিভিন্ন নতুন চার্জ আরোপের বিরুদ্ধে স্লোগান দেন।
কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বিদ্যুৎ নিগমে দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং সম্প্রতি বাড়ানো বিদ্যুৎ মাশুল ও অতিরিক্ত চার্জ অবিলম্বে প্রত্যাহার।
গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, কোনও পূর্বঘোষণা বা জনসাধারণকে অবহিত না করেই বিভিন্ন খাতে অতিরিক্ত চার্জের মাধ্যমে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের ওপর নতুন করে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সরকার যদি দাবি করে থাকে যে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়নি, তাহলে বিদ্যুৎ দফতরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন ওঠে। সেই কারণে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি।
তন্ময় রায় আরও অভিযোগ করেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবা দিন দিন ভেঙে পড়ছে। একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে বাড়তি বিল—এই দুইয়ের চাপে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারের বিদ্যুৎ নীতিকে জনবিরোধী বলেও আখ্যা দেন তিনি।
এদিন রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরের বিভিন্ন ইস্যুতেও কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন তন্ময় রায়। তাঁর অভিযোগ, বর্তমানে দেশে দুর্নীতি ও অনিয়ম বেড়েই চলেছে। মন্দিরের প্রণামী, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এবং ভোট প্রক্রিয়া—সব ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “বর্তমানে দেশে চোরের রাজত্ব চলছে।”
গণঅবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেয়, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার-সহ চার দফা দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস।

