iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নিম্নচাপের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে আরামবাগের কৃষকরা

হুগলি, ২১ নভেম্বর : মাঠে সোনালি ফসল, অথচ ঘরে তোলার আগেই জলের গ্রাস! আকভানের প্রভাবে আরামবাগ মহকুমার কৃষিতে নতুন করে অনিশ্চয়তার কালো মেঘ। টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত আরামবাগ মহকুমার ধান চাষ। একদিকে জমিতে জমেছে বৃষ্টির জল, অন্যদিকে জলের তলায় চলে গিয়েছে কেটে রাখা পাকা ধান। ফলে মাঠভরা সোনালি ফসল ঘরে তোলার আগেই তা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রকৃতির খামখেয়ালিপনায় এক মুহূর্তে বদলে গিয়েছে মাঠের ছবি। যে জমিতে কয়েক দিন আগেও ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছিল, সেই জমিতেই এখন জল থইথই অবস্থা।
চাষিদের কথায়, মহকুমার বহু জমিতে ইতিমধ্যেই ধান পেকে গিয়েছিল। কোথাও কোথাও ধান কেটে জমিতেই রাখা হয়েছিল। কিন্তু লাগাতার বৃষ্টিতে সেই কাটা ধান জলের তলায় চলে গিয়েছে। আবার বেশ কিছু জমিতে পাকা ধান বৃষ্টির জেরে নুইয়ে পড়েছে। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকায় ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। বিশেষ করে ভিজে ধানে আগড়া ও কল বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে ধানের বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি উৎপাদিত ফসলের বড় অংশই ক্ষতির মুখে পড়তে পারে। চাষিদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শুধু ফলনের ক্ষতিই নয়, আর্থিকভাবেও বড় ধাক্কা খেতে হবে তাঁদের। এমনিতেই চাষের খরচ দিন দিন বাড়ছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পিছনে বিপুল টাকা খরচ করে এখন ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু ফসল কাটার মুখে টানা বৃষ্টি কার্যত সেই আশায় জল ঢেলে দিয়েছে। এখন বৃষ্টি থামার পাশাপাশি জমির জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন কৃষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *