iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রাকৃতিক দুর্যোগে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা স্থগিত, ফিরল ২৮ বছর আগের স্মৃতি

হুগলি, ২০ নভেম্বর : প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় স্থগিত করা হল চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। ২৮ বছর পর ফের একই পরিস্থিতির সাক্ষী থাকল চন্দননগর। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও প্রশাসনের যৌথ বৈঠকে শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত এই শোভাযাত্রা।
চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে কেন্দ্রীয় কমিটি ও প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ-সহ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা।
বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, চন্দননগরের শোভাযাত্রায় প্রতিমার পাশাপাশি থাকে চোখধাঁধানো আলোকসজ্জার গাড়ি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সেই নিরাপত্তার কথা মাথায় রেখেই শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, অল্প সময়ের নোটিশে ১৮০টি বারোয়ারি পুজো কমিটিকে নিয়ে বৈঠক করা হয়। সকলের সম্মতিক্রমেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার আবহাওয়ার উন্নতি হলে যেসব পুজো কমিটি দিনের বেলায় বিসর্জন করে, তারা প্রতিমা বিসর্জন দিতে পারবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মূল শোভাযাত্রা।
শোভাযাত্রা দু’দিন পিছিয়ে যাওয়ায় পুজো কমিটিগুলির অতিরিক্ত আর্থিক বোঝা বাড়বে। সেই কারণে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে বিলের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, রাস্তার আলোকসজ্জার গেট খুলে ফেলা হলেও প্রতিমাগুলি আরও দু’দিন মণ্ডপে থাকায় রাস্তা অন্ধকার না রাখতে বিকল্প আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। শোভাযাত্রার নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। আগামী দু’দিন পুজো কমিটির সদস্যরা মণ্ডপে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবারই ঘট বিসর্জন সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২৮ বছর আগেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা স্থগিত রাখতে হয়েছিল। নির্ধারিত দিনের পরিবর্তে পরের দিন অনুষ্ঠিত হয়েছিল শোভাযাত্রা। দীর্ঘ ২৮ বছর পর ফের প্রাকৃতিক দুর্যোগের কারণে শোভাযাত্রা পিছিয়ে যাওয়ায় পুরনো স্মৃতি ফিরে এল আলোর শহর চন্দননগরে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *