iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বৃষ্টি উপেক্ষা করে ধর্মনগরে বিজেপির জনসভায় ২৫ আসনেই জয়ের ডাক মুখ্যমন্ত্রী ডাঃ সাহার

ধর্মনগর, ২০ নভেম্বর  : আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রচারে ঝড় তুলল শাসক দল বিজেপি। নির্বাচনী প্রচারে উত্তর ত্রিপুরা সফরে এসে শুক্রবার পানিসাগর ও ধর্মনগরে পরপর দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। প্রতিকূল আবহাওয়া এবং অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগরের জনসভায় হাজার হাজার দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতি বিজেপি শিবিরে বাড়তি উৎসাহ জোগায়। জনসভা থেকে ধর্মনগর পুর পরিষদের ২৫টি আসনেই বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

শুক্রবার রেলযোগে পানিসাগরে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেখানে পানিসাগর মুক্তমঞ্চে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। পানিসাগরের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী চলে আসেন ধর্মনগরে। সেখানে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। রোড শো-কে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। পরবর্তী সময়ে বিজেপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।

এদিন ধর্মনগরে আবহাওয়া ছিল যথেষ্ট প্রতিকূল। বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বাস্তবে তার বিশেষ প্রভাব পড়েনি বিজেপির জনসভায়। বৃষ্টিকে উপেক্ষা করেই হাতে দলীয় পতাকা নিয়ে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার কর্মী-সমর্থক। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিজেপির নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করে। জনসভাস্থলে দলীয় কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

জনসভার শুরুতেই মুখ্যমন্ত্রী ডাঃ সাহাকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মলিনা দেবনাথ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিগত সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ পরিকাঠামোর অগ্রগতি। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলে তিনি দাবি করেন। সরকারের উন্নয়নমূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পুর পরিষদ এলাকার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে বিজেপির মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, নির্বাচনী লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে এবং প্রতিটি ভোটারের কাছে পৌঁছে সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতে হবে। ধর্মনগর পুর পরিষদের ২৫টি আসনেই বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তর ত্রিপুরা জেলায় বিজেপি নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর একদিনের সফরে পানিসাগর ও ধর্মনগরে পরপর দুটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। বিশেষ করে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর রোড শো এবং জনসভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে, তা নির্বাচনী প্রচারে বিজেপি শিবিরের মনোবল বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সব মিলিয়ে বৃষ্টিস্নাত শুক্রবারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সফর ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। তবে নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতি শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়। জনসভার ভিড়কে ভোটে রূপান্তরিত করাই এখন বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *