দক্ষিণ ২৪ পরগনা, ২০ নভেম্বর : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে শুক্রবারও অব্যাহত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টিপাত। আকাশজুড়ে ঘন কালো মেঘের পাশাপাশি সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র।
আবহাওয়ার অবনতি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি, সমুদ্র সৈকতে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে। এর ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

